×
Logo

আন্তর্জাতিক

সিএনএনের প্রতিবেদন

কোরআনের সূরা বাকারার '১৯৪' নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে হামলার হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম

কোরআনের সূরা বাকারার '১৯৪' নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে হামলার হুঁশিয়ারি ইরানের

ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে, ঠিক একই শক্তিতে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ সময় পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতিও দিয়েছে ইরানের এই প্রভাবশালী সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালানোর পর এই হুঁশিয়ারি আসে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কার্যকর 'না' থাকায়, তাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই।

বিবৃতিতে পবিত্র কোরআনের ২য় সূরা বাকারার '১৯৪ নম্বর' আয়াতের উদ্ধৃতি দিয়ে বলা হয়, 'কেউ যদি তোমাদের প্রতি কঠোর আচরণ করে, তবে তোমরাও তাদের প্রতি কঠোর আচরণ কর।' 

আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে হামলায় তাদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছে, তাদেরও এর জন্য জবাবদিহি করতে হবে।

ইরানের এই হুঁশিয়ারি এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কয়েক দিন ধরে পাল্টাপাল্টি হামলা চলছে। তবে, এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

/এআই 

Logo