×
Logo

আন্তর্জাতিক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

ভারতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তর করল পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম

ভারতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তর করল পুলিশ

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনের ২১তম দিনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আন্দোলনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তর করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) ভারতীয় পুলিশের বিবৃতির সূত্র ধরে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

৫৯ বছর বয়সী ওয়াংচুক ভারতের যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)‘র সমর্থনে ২৮ জুন থেকে অনশনে আছেন। সিজেপি মে মাসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সামনে নিয়ে আসে। ভারতে আলোচিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। 

এদিকে, ওয়াংচুকের এই অনশন ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি এক প্রকাশ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই আন্দোলন ভারতজুড়ে ব্যাপক সমর্থন লাভ করেছে। পাশাপশি আন্দোলনের বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ লক্ষ ভিউ ও শেয়ারের মাধ্যমে আন্দোলনকারীর দাবিগুলোকে আরও জোরালো করেছে।

শনিবার ঘটনার এক ফুটেজে দেখা যায়, ওয়াংচুককে নিয়ে যাওয়ার আগেই সামরিক পোশাক ও সাধারণ পোশাকে থাকা কয়েক ডজন পুলিশ ও নিরাপত্তাকর্মী বিক্ষোভস্থলে পৌঁছেছিলেন এবং বিক্ষোভের জন্য তৈরি করা একটি মঞ্চে বড় বড় সাদা কাপড়ের চাদর ধরেছিলেন।

ঘটনাস্থলে ডেপুটি পুলিশ কমিশনার শচীন শর্মা বলেন, আদালতের আদেশ মেনে এবং স্বাস্থ্যগত অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, শ্রী সোনম ওয়াংচুককে জরুরি চিকিৎসার জন্য এখান থেকে একটি উপযুক্ত সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

/এসআর 


Logo