×
Logo

আন্তর্জাতিক

রামাল্লায় ফিলিস্তিনিদের ওপর শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা: আনাদুলু এজেন্সি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ পিএম

রামাল্লায় ফিলিস্তিনিদের ওপর শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা: আনাদুলু এজেন্সি

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তরে সিনজিল শহরের কাছে শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, হামলাকারীরা ফিলিস্তিনি বাসিন্দা ও কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং কৃষিজমিতে আগুন দিয়েছে।

শুক্রবারের (১৭ জুলাই) এ ঘটনার বিষয়ে সিনজিলের মেয়র মোতাজ তাওয়াফশেহ আনাদোলু এজেন্সিকে বলেন, ১০০ জনের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী শহরের উপকণ্ঠে হামলা চালায়। এসময় তারা স্থানীয় বাসিন্দা ও কর্মীদের দিকে গুলি ছোড়ে এবং কৃষিজ ফসল পুড়িয়ে দেয়।

মেয়র জানান, হামলাকারীরা শহরের ভেতরে ঢোকার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিরক্ষা কমিটির সদস্যরা তাদের বাধা দেন। সাধারণ মানুষের ওপর হামলা ঠেকাতেই তারা প্রতিরোধ গড়ে তোলেন।

তিনি আরও বলেন, হামলার সময় একই সঙ্গে ইসরায়েলি সেনারা শহরটিকে অবরুদ্ধ করে ফেলে এবং প্রবেশপথগুলো বন্ধ করে দেয়।

'সিনজিলের বিরুদ্ধে চলমান ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে,' বলেন মেয়র তাওয়াফশেহ। 

তিনি জানান, শহরে প্রবেশ ও বাসিন্দাদের ওপর হামলা ঠেকাতে স্থানীয়রা এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন।

এদিকে পৃথক ঘটনায় জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক আহত হয়েছেন এবং আরও একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লার উত্তর-পূর্বে দেইর জারির গ্রামেও ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে। তবে সেখানে হতাহত বা আটকের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

অন্যদিকে, বেথলেহেমের দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-মিনিয়া গ্রামে একটি পানির নেটওয়ার্ক ধ্বংস এবং দুটি পানির ট্যাংক চুরির অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে।

/এআই 

Logo