মার্কিনিদের ট্যাক্সের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচকদের চুপ করাচ্ছে ইসরায়েল: আরাঘচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি অভিযোগ করেছেন, মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলের সমালোচকদের দমন করা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ইঙ্গিত করে আরাগচি বলেন, বিদেশি প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। কিন্তু এমন এক সময়ে ইসরায়েলের ব্যাপক প্রভাব বিস্তারের বিষয়টি কীভাবে দেখা হচ্ছে, যেখানে দেশটি যুক্তরাষ্ট্র প্রশাসনকে ‘জেতা সম্ভব নয়’ এমন একটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে?
ইরানের এই শীর্ষ কূটনীতিক ‘টাইম’ ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন। ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেল ইসরায়েলের একটি প্রভাব বিস্তারকারী প্রচারণা পরিচালনা করছেন, যার লক্ষ্য ট্রাম্পপন্থী ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) সমর্থকগোষ্ঠী।
আরাঘচি আরও অভিযোগ করেন, 'এর চেয়েও খারাপ বিষয় হলো, ইসরায়েল যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ব্যবহার করে দেশটির সমালোচকদের নীরব করার চেষ্টা করছে।'' বলেন, এসব বিষয় শিগগিরই প্রকাশ পাবে।
তবে আরাঘচির এই অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
/এআই