হরমুজ প্রণালীর সংকট বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি: আইইএ প্রধান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রচেষ্টার ফলে হরমুজ প্রণালী দিয়ে তেল প্রবাহ উন্নত না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। শুক্রবার (১৭ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বৃহস্পতিবার কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাতিহ বিরোল এ মন্তব্য করেন।
তিনি বলেন, হরমুজ নিয়ে পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিশ্বের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। তেল নিরাপত্তা এখনও একটি গুরুতর বিষয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত, এবং এ বিষয়ে আমি উদ্বিগ্ন।
এদিকে, হরমুজ নিয়ে উত্তেজনা বৃদ্ধির ফলে এক মাস আগে পাকিস্তানে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ও ইরানের একটি সমঝোতা স্মারকও (এমওইউ) ঝুঁকির মুখে পড়েছে।
আল-জাজিরার এক সাংবাদিক জানান, ইরানের উপকূলীয় শহরগুলোতে মার্কিন হামলায় দুটি সেতুসহ অবকাঠামোকে ক্রমবর্ধমানভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সমঝোতা স্মারকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অভাবকে কারণ হিসেবে উল্লেখ করে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত বজায় রেখেছে।
ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে যে, হরমোজগান প্রদেশের বন্দর-ই খামির সেতুতে মার্কিন হামলায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। ইরানের সামরিক বাহিনী জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার বিষয়টিও নিশ্চিত করেছে।
/এসআর