যুক্তরাষ্ট্র হামলা চালালে লোহিত সাগরের প্রবেশপথ বন্ধে হুথিদের নির্দেশ ইরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৭ পিএম
যুক্তরাষ্ট্র বিদ্যুৎ নেটওয়ার্কে হামলা চালালে লোহিত সাগরের প্রবেশপথ বন্ধ করে দিতে হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালায়, তবে লোহিত সাগরের তেল পথ বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ইরান নির্দেশ দিয়েছে। রয়টার্সকে তিনটি সূত্র এ তথ্য জানায়।
নাম প্রকাশ না করার শর্তে দুই ঊর্ধ্বতন ইরানি সূত্র জানায়, ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের মধ্যে এই ধারণাটি নিয়ে আলোচনা হয়েছে এবং ইরানের হুথি মিত্রদের কাছে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে।
এদিকে বাব এল-মানদেবের কাছে হুতিরা ড্রোন মোতায়েন করেছে বলে একটি সূত্র জানিয়েছে।
হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মানদেব প্রণালীর কাছে, হোদাইদাহ ও এডেন উপসাগর সংলগ্ন ইয়েমেনের উচ্চভূমিতে জাহাজ চলাচলের ওপর হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হুথিরা হামলা শুরুর আদেশের অপেক্ষায় রয়েছে।
/এসআর