ব্রাজিলের আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
অন্যায্য বাণিজ্য কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে ব্রাজিলের কিছু আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ জুলাই) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার বুধবার গভীর রাতে এক বিবৃতিতে এই পদক্ষেপগুলোর কথা ঘোষণা করেন। তিনি বলেন, ব্রাজিলের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে, ডিজিটাল বাণিজ্য, অন্যায্য অগ্রাধিকারমূলক শুল্ক, ইথানল বাজারে প্রবেশাধিকার এবং অন্যান্য ক্ষেত্রে ব্রাজিলের নীতি আমেরিকানদের স্বার্থের ক্ষতি করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, প্রেসিডেন্ট লুলা এবং তার সরকার যুক্তরাষ্ট্রের সাথে সৎ উদ্দেশ্যে আলোচনা করেনি। তার অর্থনৈতিক নীতি আমেরিকান এবং ব্রাজিলিয়ান উভয়ের জন্যই ক্ষতিকর। গত এক বছর ধরে, লুলা ব্রাজিলিয়ান জনগণের কল্যাণের জন্য একটি চুক্তি করার চেয়ে নিজের অহংকে বেশি প্রাধান্য দিয়েছেন, এবং এই শুল্কগুলোই তার মূল্য।
এই শুল্ক আরোপ ২২ শে জুলাই থেকে কার্যকর হবে।
ইউএসটিআর অফিসের শেয়ার করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু পণ্যের ক্ষেত্রে ছাড় প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু কাঁচামাল, ওষুধপত্র, কফি ইত্যাদি।
মার্কিন যুক্তরাষ্ট্র গত জুলাই মাসে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে ব্রাজিলের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছিল, যার উদ্দেশ্য ছিল মার্কিন বাণিজ্য ও প্রতিযোগিতাকে প্রভাবিত করে এমন বিদেশি কার্যকলাপকে প্রতিহত করা।
/এসআর