ব্রাজিলের কিছু পণ্য আমদানিতে ২৫% শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম
ব্রাজিলের কিছু আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় এক বছরব্যাপী তদন্তে দেশটি ‘অন্যায্য’ বাণিজ্যচর্চায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। খবর সিএনএনের।
বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাতে এক বিবৃতিতে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দফতরের প্রধান জেমিসন গ্রিয়ার। তিনি বলেন, তদন্তে দেখা গেছে, ডিজিটাল বাণিজ্য, অগ্রাধিকারমূলক শুল্কনীতি, ইথানল বাজারে প্রবেশাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে ব্রাজিলের নীতিমালা যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করছে।
তিনি আরও বলেন, বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধানে ব্রাজিলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, প্রেসিডেন্ট লুলা এবং তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তরিকভাবে আলোচনা করেনি। তার অর্থনৈতিক নীতিগুলো যেমন আমেরিকানদের জন্য ক্ষতিকর, তেমনি ব্রাজিলের জনগণের জন্যও ক্ষতিকর। গত এক বছরে লুলা ব্রাজিলের জনগণের কল্যাণের চেয়ে নিজের অহমকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই শুল্ক সেই সিদ্ধান্তের মূল্য।
গত মাসে প্রথম প্রস্তাব করা এ শুল্ক আগামী ২২ জুলাই থেকে কার্যকর হবে। তবে কিছু পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে।
ইউএসটিআরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব পণ্যে শুল্ক আরোপ করলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে এবং যেগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয় না, সেগুলো ছাড় পাবে। এর মধ্যে রয়েছে কিছু কাঁচামাল, ওষুধ, কফিসহ আরও কয়েকটি পণ্য।
১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১ এর আওতায় গত বছরের জুলাইয়ে ব্রাজিলের বিরুদ্ধে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। এই আইনের মাধ্যমে এমন বিদেশি নীতিমালার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যেগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও প্রতিযোগিতা সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছিলেন, যদিও পরে তা প্রত্যাহার করা হয়। সে সময় তিনি ব্রাজিল সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন এবং সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার কার্যক্রম বন্ধ না করলে অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
/এএন