প্রাণঘাতী হামলা বৃদ্ধি
হরমুজে নিরাপত্তা পরিস্থিতির অবনতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম
বিশ্ব বাণিজ্য পথ হরমুজ প্রণালিতে প্রাণঘাতী হামলা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। বুধবার (১৫ জুলাই) শিপিং ডেটা মনিটর কেপলারের এক্স- পোস্টের বরাতে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, শিপিং ডেটা মনিটর কেপলারের এক্স- পোস্টের তথ্য অনুযায়ী মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজের সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। ২১টি পর্যবেক্ষণাধীন ট্রানজিট রেকর্ড করা হয়েছে, যার মধ্যে প্রধানত অপরিশোধিত তেল, এলপিজি, মিথানল এবং লৌহ আকরিক বহনকারী বাণিজ্যিক জাহাজ ছিল।
তবে ওমানের উপকূলে আরও তিনটি হামলার খবর নিশ্চিত হওয়ায় হরমুজে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। যার ফলে মোট নিশ্চিত হামলার সংখ্যা ৫৬-তে দাঁড়িয়েছে। এতে ১৭ জন নাবিকের মৃত্যু হয়েছে। হরমুজ প্রণালী এখনও চলাচলযোগ্য হলেও কার্যপরিবেশ ক্রমশ জটিল ও অস্থিতিশীল হয়ে উঠছে।
মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, ইরান গত সাত দিনে ইচ্ছাকৃতভাবে সাতটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে , যার ফলে ‘প্রায় এক ডজন’ বেসামরিক নাবিক নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন।
/এসআর