ইরান থেকে ছোড়া ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম
ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে ভূপাতিত করার দাবি করেছে জর্ডান। মঙ্গলবার (১৪ জুলাই) স্থানীয় সময় সকালে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জর্ডান নিউজ এজেন্সি (পেট্রা)।
জর্ডানের সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, ইরান থেকে নিক্ষেপ করা চারটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে।
ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর সেগুলোর ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ধ্বংসাবশেষ অপসারণে জর্ডানের রয়্যাল ইঞ্জিনিয়ারিং কর্পস মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জর্ডান কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
/এআই