খামেনি হত্যার প্রতিশোধ: ইরানি গণমাধ্যমের 'হিটলিস্টে' ট্রাম্পসহ ১৩ নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নিতে ১৩ জন বিদেশি নেতার ছবি প্রকাশ করেছে ইরানের একটি পত্রিকা। 'হিটলিস্টে' রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপের কয়েকজন শীর্ষ নেতার নাম।
শনিবার দেশটির রক্ষণশীল দৈনিক ‘হামশাহরি’ পত্রিকায় এ তালিকা প্রকাশ করা হয়।
যাদের ছবি প্রকাশ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে ইসরাইয়েল ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম। যার মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার। কূটনীতিকদের মধ্যে রয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
অন্যদিকে, ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর এবং আইডিএফ চিফ অব স্টাফ ইয়াল জামির।
বাদ যায়নি ইউরোপের নেতারাও– রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেরৎজ।
/এএম