যুক্তরাষ্ট্রের অপতৎপরতা না থামলে হরমুজে জাহাজ চলাচলের অনুমতি দেবে না ইরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম
পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। রোববার (১২ জুলাই) দেশটির নবগঠিত পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাম্প্রতিক অবৈধ তৎপরতার কারণে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সম্ভব নয়। এমন পরিস্থিতিতে স্থিতিশীলতা ও শান্তি ফিরে এলে সব আবেদন নির্ধারিত সূচি অনুযায়ী পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় অনুমতি দেওয়া হবে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে চলাচলে বাধা দিতে শুরু করে তেহরান। এ সময় ইরানি বাহিনী বিভিন্ন জাহাজে হামলা চালানো, সমুদ্রে মাইন পেতে রাখা এবং প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের জন্য অর্থ আদায়ের মতো পদক্ষেপ নেয়।
এদিকে, গত মে মাসে ইরান পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ গঠন করে। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত এই সংস্থার মাধ্যমে হরমুজ প্রণালির বিদ্যমান ব্যবস্থাপনায় স্থায়ী পরিবর্তন আনার চেষ্টা করছে তেহরান।
(সূত্র: আল জাজিরা)
/এনএ