×
Logo

আন্তর্জাতিক

ডনের প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের হামলায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত, আন্তর্জাতিক সংস্থায় ইরানের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের হামলায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত, আন্তর্জাতিক সংস্থায় ইরানের অভিযোগ

যুক্তরাষ্ট্রের হামলায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে আন্তর্জাতিক রেল পরিবহন সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান। হামলার ঘটনায় জরুরি পদক্ষেপ নেয়ারও আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আন্তর্জাতিক রেল পরিবহনবিষয়ক আন্তঃসরকারি সংস্থা (ওটিআইএফ)-এর কাছে এ অভিযোগ জমা দেন। 

অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির গোলেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেলসেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিযোগপত্রে ইরান দাবি করেছে, এই হামলা শুধু একটি রেলসেতুর ওপর আঘাত নয়; বরং এটি জনপরিবহন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলার আরেকটি উদাহরণ।

চিঠিতে আরও বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বেসামরিক অবকাঠামোর নিরাপত্তার জন্য হুমকি। তাই সংস্থাটিকে তার আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে তেহরান।

সাম্প্রতিক সংঘাতের পর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে একের পর এক অভিযোগ দায়ের করছে ইরান। এর আগে, দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, বেসামরিক স্থাপনায় হামলা এবং ক্ষতিপূরণ দাবির বিষয়েও আন্তর্জাতিক পর্যায়ে আইনি উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছে।

/এআই

Logo