×
Logo

আন্তর্জাতিক

আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদারে বিমসটেকের নতুন উদ্যোগ

আহমেদ রেজা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৬:৫৬ এএম

আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদারে বিমসটেকের নতুন উদ্যোগ

ফাইল ছবি

আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদারে সদস্য রাষ্ট্রগুলো নিয়ে মানবপাচার প্রতিরোধ, প্রত্যর্পণ সহযোগিতা বৃদ্ধি ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর বিষয়ে উদ্যোগ নিচ্ছে বঙ্গোপসাগর সংলগ্ন ৭ দেশের আঞ্চলিক জোট বিমসটেক। আগামী ১৬ জুলাই শুরু হতে যাওয়া ৫ম বিমসটেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠকে বিষয়গুলোর উপর চূড়ান্ত সিদ্ধান্তে আসবে জোট সংস্থাটি। 

জানা যায়, প্রতিষ্ঠার ৩০ বছরে আঞ্চলিক সহযোগিতার সুস্পষ্ট কর্মপরিকল্পনা, কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো ও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ করছে বিমসটেক। তিন দশকের পথচলায় আন্তর্জাতিক কনভেনশন, চুক্তি এবং সমঝোতা স্মারক সম্পাদনের নজির প্রতিষ্ঠা করেছেন তারা। বিমসটেকের মূল লক্ষ্য সদস্য দেশগুলোর জনগণের জন্য বাস্তব ও দৃশ্যমান সহযোগিতা নিশ্চিত করা।

আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া সংস্থাটির ৫ম বিমসটেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠকে সদস্য রাষ্ট্র ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বৈঠকে মানবপাচার প্রতিরোধ, প্রত্যর্পণ সহযোগিতা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর বিষয়ে আলোচনা চূড়ান্ত হবে বলে যমুনা টেলিভিশনকে জানান সংস্থাটির মহাসচিব। 

বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে বলেন, নিরাপত্তা খাতে আমাদের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ মাদক পাচার, মানবপাচারসহ বিভিন্ন আন্তঃদেশীয় অপরাধ নিয়ে কাজ করে। এছাড়া সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং বঙ্গোপসাগরভিত্তিক অন্যান্য অপরাধ প্রতিরোধেও তারা কাজ করছে। 

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং অন্যান্য আন্তঃ দেশীয় অপরাধ দমনে একটি কনভেনশন ইতোমধ্যে কার্যকর হয়েছে। সদস্য রাষ্ট্রগুলো সেটি বাস্তবায়ন করছে। একই সঙ্গে মানবপাচার প্রতিরোধে, প্রত্যর্পণ ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর বিষয়ে আরও তিনটি নতুন কনভেনশন নিয়ে আলোচনা চলছে। নিরাপত্তা বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনেও আমরা একমত হয়েছি।

বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে বলেন, স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের স্তর উন্নীত হোক বা না হোক সহযোগিতার ক্ষেত্রে কোন পার্থক্য হবে না। আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বিমসটেকও সেই উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমরা ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকব।

বাংলাদেশ বিভিন্ন খাতে বিমসটেকের গৃহীত নানা উদ্যোগ থেকে উপকার পেয়েছে, যা এই দেশের নিজস্ব উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হয়েছে বলেও জানান তিনি।  

/এসআর 

Logo