ট্রাম্পের নামে পরিবর্তিত হলো ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের (পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট) নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দায়িত্বে থাকা (সিটিং) কোনো প্রেসিডেন্টের নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ হলো।
বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে বিমানবন্দরটির নতুন নাম 'প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট' কার্যকর হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নাম পরিবর্তনের অংশ হিসেবে ধাপে ধাপে সব সাইনবোর্ড, ব্র্যান্ডিং এবং জনসাধারণের জন্য ব্যবহৃত তথ্য হালনাগাদ করা হবে।
এফএএর লোকেশন আইডেন্টিফায়ারও পরিবর্তন করা হয়েছে। এতদিন 'পিবিআই' নামে পরিচিত বিমানবন্দরটির নতুন কোড হবে 'ডিজেটি'। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) কোড পরিবর্তন আগামী ১৮ আগস্ট থেকে কার্যকর হবে।
ইতোমধ্যে ইউনাইটেড এয়ারলাইন্স, ডেল্টা এয়ার লাইন্সসহ কয়েকটি বড় মার্কিন বিমান সংস্থা তাদের টিকিট বুকিং প্ল্যাটফর্মে নতুন 'ডিজেটি' কোড ব্যবহার শুরু করেছে। তবে যাত্রীরা আপাতত পুরোনো 'পিবিআই' কোড ব্যবহার করেও ফ্লাইট খুঁজে পাবেন।
বিমানবন্দরটিতে বর্তমানে ডেল্টা, ইউনাইটেড, আমেরিকান এয়ারলাইন্স ও সাউথওয়েস্ট এয়ারলাইন্সসহ এক ডজনের বেশি দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্স পরিচালিত হয়।
এর আগে, চলতি বছর ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস বিমানবন্দরের নাম পরিবর্তনের বিল আইনে স্বাক্ষর করেন। পরে এফএএ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ার পর নতুন নাম কার্যকর করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নাম পরিবর্তনের পুরো প্রকল্পে প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয় হবে। এর মধ্যে ২ দশমিক ৭৫ মিলিয়ন ডলার ফ্লোরিডা অঙ্গরাজ্য বহন করবে। বাকি অর্থ স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষের পরিচালন ও উন্নয়ন বাজেট থেকে দেওয়া হবে।
এদিকে, বৃহস্পতিবার (৯ জুলাই) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে পাম বিচের জনগণকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ফ্লোরিডার বিমানবন্দরের নাম তার নামে রাখায় তিনি নিজেকে ‘অত্যন্ত সম্মানিত’ মনে করছেন। একইসঙ্গে খুব শিগগিরই এটি বিশ্বের অন্যতম সেরা ও সবচেয়ে দৃষ্টিনন্দন বিমানবন্দরে পরিণত হবে বলেও প্রতিশ্রুতি দেন।
/এনএ