দাবানলে পুড়ছে স্পেন, প্রাণ গেল অন্তত ১২ জনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:০৮ এএম
দক্ষিণ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গায়ার্দোস এলাকায় দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। খবর বিবিসির।
আন্দালুসিয়া আঞ্চলিক সরকার জানায়, নিহতদের কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপপ্রবাহে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকলকর্মী। নিরাপত্তার জন্য হাজারো মানুষকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
চলতি বছরের মে মাসে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছিলেন, গ্রীষ্মকালীন দাবানল মোকাবিলায় এবার দেশের ইতিহাসের সবচেয়ে বড় জরুরি সাড়া ব্যবস্থা মোতায়েন করা হবে। দেশটির সামরিক জরুরি ইউনিট (ইউএমই) জানায়, লস গায়ার্দোসের আগুন নিয়ন্ত্রণেও তারা অংশ নেবে।
চলতি বছরের জুনে ১৯৫০ সালের পর সর্বোচ্চ গড় দৈনিক তাপমাত্রা রেকর্ড করে স্পেন। দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছিল।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম এর তথ্য অনুযায়ী, গত বছর স্পেনে ৩ লাখ ৯৩ হাজার হেক্টরের বেশি এলাকা দাবানলে পুড়ে যায়। যা ২০০৬ থেকে ২০২৪ সালের গড়ের তুলনায় ছয় গুণেরও বেশি।
/এএন