×
Logo

আন্তর্জাতিক

সিএনএনের প্রতিবেদন

ইরানকে ‘শাস্তি’ দিতেই নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: সিএনএন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:৩১ এএম

ইরানকে ‘শাস্তি’ দিতেই নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: সিএনএন

হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার জেরে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, এটি কেবল প্রতিক্রিয়ামূলক হামলা নয়, বরং ইরানকে ‘শাস্তি’ দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে শুরু হওয়া এ অভিযানে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 

পরিস্থিতি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, চলমান হামলাগুলো ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’ নয়; বরং এর উদ্দেশ্য ইরানকে কঠোর মূল্য চোকাতে বাধ্য করা।

ওই কর্মকর্তা বলেন, 'এটি শাস্তিমূলক অভিযান। এতেই শেষ হচ্ছে না, আরও কিছু সময় এ অভিযান চলবে।'

এর আগে, হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক মালবাহী জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন। 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে। এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায়, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী হামলা’ শুরু হয়েছে। এসব হামলার উদ্দেশ্য হলো বেসামরিক নাবিকদের পরিচালিত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর জন্য ইরানকে ‘ভারী মূল্য’ দিতে বাধ্য করা।

সেন্টকমের ভাষ্য, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপরিবহনকে লক্ষ্য করে হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্যও বড় হুমকি। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়েছে।

নতুন এই সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ওয়াশিংটন একদিকে সামরিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও পুরোপুরি বন্ধ করেনি। তবে সর্বশেষ হামলার পর দুই দেশের মধ্যে সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

/এআই 

Logo