×
Logo

আন্তর্জাতিক

শীর্ষ সম্মেলনের আগে বড় অস্ত্রচুক্তি ঘোষণা ন্যাটোর, বাড়ছে ইউরোপের প্রতিরক্ষা ব্যয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

শীর্ষ সম্মেলনের আগে বড় অস্ত্রচুক্তি ঘোষণা ন্যাটোর, বাড়ছে ইউরোপের প্রতিরক্ষা ব্যয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ইউরোপের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি তুলে ধরতে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করতে যাচ্ছে ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন) সদস্য দেশগুলো। খবর, রয়টার্সের। 

মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর প্রতিরক্ষা শিল্প ফোরামে এসব চুক্তির ঘোষণা দেওয়া হবে। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন এবং সন্ধ্যায় শুরু হওয়া ন্যাটো সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনের আগের দিন ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেন, ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা ব্যয় অভূতপূর্ব বৃদ্ধি করেছে। এর একটি বড় কারণ ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সৃষ্ট নিরাপত্তা উদ্বেগ, অন্যটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ধারাবাহিক চাপ।

তিনি আরও বলেন, আমরা এমন একটি জোট গড়ে তুলছি, যেখানে যুক্তরাষ্ট্র মনে করবে এটি একটি ন্যায্য অংশীদারিত্ব।

ন্যাটোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপীয় সদস্য দেশ ও কানাডার সম্মিলিত প্রতিরক্ষা ব্যয় আগের বছরের তুলনায় বাস্তব হিসাবে প্রায় ৯০ বিলিয়ন ডলার বেড়ে ৫৭০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। অর্থাৎ, এক বছরে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তুরস্ককে আবারও যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরিয়ে আনার বিষয়ে এরদোয়ানকে ইতিবাচক আশ্বাস দিতে পারেন ট্রাম্প বলে একাধিক সূত্রের ভিত্তিতে জানিয়েছে রয়টার্স। 

এর আগে, ২০১৯ সালে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং এফ-৩৫ কর্মসূচি থেকে দেশটিকে বাদ দেয়।

এছাড়া, সম্মেলনে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চলতি বছরে ৭০ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সম্মেলনের আগে বড় অস্ত্রচুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে নেদারল্যান্ডস ৩ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা করবে। 

এছাড়া,ন্যাটো নতুন নজরদারি বিমান কেনার পরিকল্পনা এবং কানাডা জার্মানির টিকেএমএসের কাছ থেকে সর্বোচ্চ ১২টি সাবমেরিন কেনার সিদ্ধান্তও জানিয়েছে।

/এনএ 


Logo