×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৫৯ পিএম

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বহুদিনব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান চলাকালে দেশটির বর্তমান নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। দাবি, ভবিষ্যতে ইরানের যেকোনো নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা এগিয়ে নেয়, তবে তাকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।

সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে ইসরায়েল কাৎজ বলেন, ‘যেকোনো ইরানি নেতা যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন, তাকে প্রতিহত করা হবে।’

তিনি আরও দাবি করেন, বর্তমানে যার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, সেই আয়াতুল্লাহ আলি খামেনিকে ইসরায়েল হত্যা করেছে। তার ভাষ্য, খামেনিই ইরান এবং পুরো অঞ্চলে ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার সূচনা ও নেতৃত্ব দিয়েছিলেন।

এছাড়া সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রসঙ্গ টেনে কাটজ বলেন, ওই হামলায় ইসরায়েলের সামনে থাকা ‘তাৎক্ষণিক অস্তিত্বগত হুমকি’ দূর হয়েছে এবং ইরানের কৌশলগত সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খামেনির জানাজায় অংশ নেওয়া কিছু মানুষের ‘ট্রাম্পের মৃত্যু হোক’ স্লোগানেরও সমালোচনা করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তিনি এসব স্লোগানকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেন, এগুলোই আয়াতুল্লাহদের শাসনব্যবস্থার ‘প্রকৃত চরিত্র’ তুলে ধরে।

তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এসব বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও কড়া বক্তব্য আরও তীব্র হয়েছে।

/এআই

Logo