×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি চিকিৎসক সাফিয়ার ওপর নির্যাতনের অভিযোগ মানবাধিকার সংস্থার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি চিকিৎসক সাফিয়ার ওপর নির্যাতনের অভিযোগ মানবাধিকার সংস্থার

ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি চিকিৎসক ও গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়ার জীবন ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস-ইসরায়েল (পিএইচআরআই)। 

সংস্থাটির দাবি, সম্প্রতি তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে এবং তিনি নির্যাতনেরও শিকার হয়েছেন।

রোববার (৫ জুলাই) এক বিবৃতিতে পিএইচআরআই জানায়, রামলা কারাগারের একটি ভূগর্ভস্থ জিজ্ঞাসাবাদ কেন্দ্রে স্থানান্তরের পর থেকেই আবু সাফিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটেছে। দুই দিন আগে, তার আইনজীবী কারাগারে গিয়ে সাক্ষাৎ করলে চিকিৎসকের শরীরে গুরুতর নির্যাতনের চিহ্ন দেখতে পান।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, আবু সাফিয়ার মাথা, চোখের চারপাশ, কান এবং ঘাড়ে গুরুতর আঘাতের দাগ ছিল। তিনি অত্যন্ত দুর্বল দেখাচ্ছিলেন এবং ঠিকভাবে শ্বাস নিতে ও কথা বলতে কষ্ট হচ্ছিল।

আইনজীবীর কাছে আবু সাফিয়া অভিযোগ করেন, কারাগারের কক্ষের ভেতর চার থেকে পাঁচজন কারারক্ষী তাকে মারধর করেছেন।

ডা. হুসাম আবু সাফিয়া উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর হাসপাতালটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। ওই অভিযানে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কয়েকজন রোগীকেও আটক করা হয়।

এর আগেও, তার আইনজীবী নাসের ওদেহ অভিযোগ করেছিলেন, কারাগারে আইনি সাক্ষাতের সময়ও আবু সাফিয়ার হাত-পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল। এছাড়া তাকে বিশুদ্ধ খাবার পানি, পর্যাপ্ত খাবার এবং নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। দীর্ঘদিনের শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তার স্বাস্থ্য পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিকে, মানবাধিকার সংগঠনগুলো বলছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আটকের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। ডা. আবু সাফিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খবর প্রকাশের পর তার নিরাপত্তা এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করার দাবি আরও জোরালো হয়েছে।

/এআই 

Logo