×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে কমিউনিজমের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৪ জুলাই) রাতে উচ্ছ্বসিত সমর্থকদের সামনে দেওয়া এই ভাষণে তিনি কমিউনিজমকে ‘ক্যানসারের মতো’ আখ্যা দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’।

কমিউনিজমকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, কমিউনিজম একটি ব্যর্থ মতবাদ এবং সব সময় এটি ব্যর্থই থাকবে। এটি আমাদের ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত এবং কখনোই সফল হয়নি। এ ধরনের হুমকি আমরা শুরুতেই থামাতে চাই। এটি ক্যানসারের মতো, তাই একে শুরুতেই দ্রুত কেটে ফেলতে হবে। তিনি আরও দৃঢ়তার সাথে বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাস প্রমাণ করে যে এই দেশ কখনোই কাউকে নিজের স্বাধীনতা কেড়ে নিতে দেবে না।

ভাষণে মার্কিন সংবিধানে উল্লিখিত বেশ কিছু স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য অনেক দেশের মতো নয়। এ দেশে আমাদের বাক্‌স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও আইনের চোখে সমান বিচার পাওয়ার নিশ্চয়তা রয়েছে।

এর আগে গত শুক্রবার (৩ জুলাই) সাউথ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধে দেওয়া এক ভাষণে ট্রাম্প ‘কমিউনিস্টদের হুমকির’ প্রসঙ্গ টেনেছিলেন। যদিও নিজের দুই ভাষণের কোনোটিতেই তিনি সরাসরি নির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করেননি। 

/এএ 

Logo