×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ইরানের কাছে ‘পারমাণবিক অস্ত্রের’ মতোই শক্তিশালী হাতিয়ার: মেদভেদেভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম

হরমুজ প্রণালি ইরানের কাছে ‘পারমাণবিক অস্ত্রের’ মতোই শক্তিশালী হাতিয়ার: মেদভেদেভ

ফাইল ছবি

বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ ‘হরমুজ প্রণালি’র ওপর ইরানের নিয়ন্ত্রণ দেশটির জন্য ‘পারমাণবিক অস্ত্রের’ মতোই এক শক্তিশালী কৌশলগত হাতিয়ার বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। 

রোববার (৫ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে সম্প্রতি তেহরান সফর করেন মেদভেদেভ। সফর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার ক্ষমতাই মূলত বিশ্বমঞ্চে তেহরানের বড় ভূ-রাজনৈতিক শক্তির প্রমাণ।

মেদভেদেভ সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে যদি আরও বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ে, তবে তেহরান কেবল হরমুজ প্রণালিই নয়, বরং লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব এল-মান্দেব’ প্রণালিতেও বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি আটকে দিতে পারে। আর এমনটি হলে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ স্থবির হয়ে পড়বে। তিনি বলেন, আমি আশা করি পরিস্থিতি এত দূর গড়াবে না। তবে মধ্যপ্রাচ্যে যারা অনবরত যুদ্ধ ও সংঘাত উসকে দিতে চাইছে, তাদের সবারই ইরানের এই সক্ষমতার বিষয়টি মাথায় রাখা উচিত।

তিনি আরও বলেন, কোনো ধরনের উসকানি ছাড়াই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। অথচ দুই পক্ষের মধ্যে যখন আলোচনা চলছিল, তখন যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো হুমকিই ছিল না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে রাশিয়া শুরু থেকেই একটি শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়ে আসছিল বলে তিনি দাবি করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারকের বিষয়ে মেদভেদেভ বলেন, সংঘাতের চেয়ে যেকোনো আলোচনা বা সমঝোতা সব সময় শ্রেয়। তবে দুই দেশের মধ্যে একটি চূড়ান্ত ও স্থায়ী চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন হবে। বিশেষ করে তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার এবং ইরানের পুনর্গঠনে অর্থায়নের মতো জটিল বিষয়গুলোতে উভয় পক্ষের একমত হওয়া সহজ হবে না বলে তিনি সতর্ক করেন।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে যৌথ লড়াইয়ের বিষয়ে মেদভেদেভ জানান, পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার দেশগুলো যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, সে জন্য একটি যৌথ প্ল্যাটফর্ম বা আনুষ্ঠানিক সংস্থা তৈরির বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বেশ কয়েক বছর আগে তেহরানের পক্ষ থেকেই প্রথম এই জোটের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং রাশিয়া শুরু থেকেই এসব একতরফা পশ্চিমা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে আসছে।

/এএ 

Logo