×
Logo

আন্তর্জাতিক

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:২৬ এএম

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয় খামেনি ও নিহত চার সদস্যদের জানাজা। এতে, ইমামতী করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী।

রোববার ভোর থেকেই খামেনিকে শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হন লাখ লাখ ইরানি জনগণ। সকাল ৭টা নাগাদ মসজিদ প্রাঙ্গণে নামানো হয় মরদেহবাহী কফিনগুলো। সেসময়, প্রিয় নেতার স্মরণে কান্নায় ভেঙে পড়েন সবাই। জানাজায় অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষই যুক্তরাষ্ট্র আর দেশটির মিত্র ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

সব জল্পনার অবসান ঘটিয়ে, প্রাণনাশের হুমকির মাঝেই জানাজায় উপস্থিত হয়েছিলেন আলি খামেনির তিন পুত্র— মোস্তফা, মাসুদ এবং মেসাম হোসেইনি খামেনি। তবে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা খামেনির আরেক পুত্র মোজতবা খামেনিকে দেখা যায় নি সেখানে। 

এছাড়া, জানাজায় উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগীয় প্রধান গোলামহোসেন মোহসেনি এজেই। আরও উপস্থিত ছিলেন, ইরানের বিপ্লবী গার্ড বাহীনির কমান্ডার আহমেদ ভাহিদী। 

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার ৪ মাস পর, শনিবার শুরু হয় আয়াতুল্লাহ আলি খামেনিকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা। সাতদিনের আয়োজনে অংশ নিয়েছেন অন্তত ১০০ দেশের প্রতিনিধি। 

ধারণা করা হচ্ছে, পুরো আনুষ্ঠানিকতায় অংশ নেবে ২ কোটি মানুষ। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী ৯ জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি এই নেতাকে।

/এনএ 

Logo