খামেনির শেষ বিদায় উপলক্ষে মঙ্গলবার পর্যন্ত বন্ধ পুরো তেহরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদ্যায়ের আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করতে মঙ্গলবার পর্যন্ত পুরো তেহরান প্রদেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেগ মোতামেদিয়ান জানিয়েছেন, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, পুরো প্রদেশে সরকারি কার্যক্রম বন্ধ থাকবে। খামেনির শেষ বিদায়ের কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের সমাগম এবং শোকযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি স্থানীয় গণমাধ্যমকে জানান, রাজধানী তেহরান থেকে ‘শহীদ নেতা’র শোকযাত্রায় অংশ নেয়া মানুষের ফিরে যাওয়া সহজ করতে মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান চলছে। এতে অংশ নিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ রাজধানীতে জড়ো হয়েছেন। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সরকারি কর্মকর্তারাও শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন।
বিপুল জনসমাগমের কারণে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে যান চলাচল, সরকারি সেবা এবং প্রশাসনিক কার্যক্রমেও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
/এআই