×
Logo

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞায় সাময়িক ছাড়, জাপানের কাছে তেল বিক্রির আলোচনা শুরু ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

মার্কিন নিষেধাজ্ঞায় সাময়িক ছাড়, জাপানের কাছে তেল বিক্রির আলোচনা শুরু ইরানের

মার্কিন নিষেধাজ্ঞায় দেওয়া সাময়িক ছাড়ের সুযোগে জাপানি কোম্পানিগুলোর কাছে আবারও অপরিশোধিত তেল বিক্রির উদ্যোগ নিয়েছে ইরান। তবে সম্ভাব্য ক্রেতারা দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা-ছাড় এবং তেলবাহী জাহাজের নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা চাইছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ইরান ও জাপানের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি ইরানি ও পশ্চিমা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দুই ইরানি সূত্রের দাবি, জাপানের অন্তত তিনটি কোম্পানি ইরান থেকে অপরিশোধিত তেল আমদানির সম্ভাবনা যাচাই করছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০১৯ সালের পর এই প্রথম জাপানে ইরানি তেল রফতানির পথ খুলতে পারে।

এদিকে, জ্বালানি খাতসংশ্লিষ্ট এক পশ্চিমা সূত্র জানিয়েছে, সম্ভাব্য তেল বিক্রি নিয়ে জাপান ও ইরানের কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আলোচনা চলছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সম্ভাব্য চুক্তি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রকে বর্তমান নিষেধাজ্ঞা-ছাড়ের মেয়াদ বাড়াতে হবে। কারণ, ইরান থেকে জাপানে সমুদ্রপথে তেল পরিবহনে যে সময় লাগে, তাতে বর্তমান ছাড়ের সময়সীমার মধ্যে চালান সম্পন্ন করা কঠিন হতে পারে।

অন্যদিকে, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমইটিআই) এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান থেকে তেল আমদানির এমন কোনো আলোচনার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

/এআই

Logo