ঘানা ও আইভরি কোস্টে বন্যা-ভূমিধসে ৩০ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম
টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পশ্চিম আফ্রিকার দুই দেশ ঘানা ও আইভরি কোস্টে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।
কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে জানিয়েছে, শত শত মানুষকে উদ্ধার করা হলেও এখনও অনেকেই নিখোঁজ। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘানার জাতীয় ফায়ার সার্ভিসের মুখপাত্র অ্যালেক্স কিং নার্টে বলেছেন, সোমবার শুরু হওয়া ভারী বৃষ্টির পর মঙ্গলবার পর্যন্ত রাজধানী আক্রায় অন্তত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আক্রার বহু বাড়িঘর, সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। রাতভর অভিযান চালিয়ে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেন উদ্ধারকর্মীরা। গ্রেটার আক্রা অঞ্চলের ফায়ার সার্ভিসের কমান্ডার রশিদ কওয়ামে নিসাউ জানান, মঙ্গলবার পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
ঘানার প্রেসিডেন্ট জন মাহামা এই চরম আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশিত না হলেও দমকল বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেখানে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।
/এএম