ভারতের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ও পণ্যবাহী ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে সাতজনের। আহত ২০ জনের বেশি।
মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে রাজস্থান রাজ্যের দৌসা জেলার কাছে দুর্ঘটনাটি ঘটে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী স্লিপার বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরে যাচ্ছিল। এ সময় উচ্চগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়েতে একটি চলন্ত ট্রেইলারকে (পণ্যবাহী ট্রাক) ধাক্কা দেয় যানটি।
সংঘর্ষের ফলে দুই যানবাহনেই আগুন লেগে যায়। ভেতরে আটকা পড়েন অনেকে। পাঁচজনের মৃত্যু হয় অগ্নিকাণ্ডজনিত কারণে। বাকি দুজনের মৃত্যু হয়েছে মাথায় গুরুতর আঘাতের কারণে। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন।
নিহতদের অধিকাংশই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের দ্রুত দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
/এএম