যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলা ইরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৩:২২ পিএম
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে পড়েছে। খবর আল-জাজিরার।
রোববার (২৮ জুন) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
হামলার পর বাহরাইন জানায়, এটি তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এতে অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। কুয়েতও হামলার নিন্দা জানিয়ে একে তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
এর আগে শনিবার (২৭ জুন)যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সিরিক, বান্দার-এ লেঙ্গেহ এবং কেশম দ্বীপে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে হরমুজ প্রণালির আশপাশে ১০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। তাদের দাবি, হরমুজ প্রণালির কাছে কিকু নামের একটি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়।
সেন্টকমের তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী ওই তেলবাহী জাহাজটি দুই মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল এবং শনিবার ভোরে হরমুজ প্রণালির কাছে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হয়।
/এএন