হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, নাবিকদের উদ্ধার কার্যক্রম স্থগিত জাতিসংঘের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৫৫ এএম
হরমুজ প্রণালিতে নৌযানে হামলার ঘটনার পর সেখানে আটকে পড়া নাবিকদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২৫ জুন) ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি জাহাজে হামলার খবর পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর এক্সিওসের।
এর আগে, গত মঙ্গলবার (২৩ জুন) জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ওই অঞ্চলে আটকে পড়া নাবিকদের উদ্ধার পরিকল্পনা ঘোষণা করেছিল।
আইএমও মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজ এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার পারস্য উপসাগরে হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে হামলার খবর তিনি পেয়েছেন।
তিনি বলেন, এই জাহাজটি আইএমওর উদ্ধার কাঠামোর আওতায় চলছিল না। নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাই নিরাপদ সমন্বয় ও নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আরও স্পষ্টতা না পাওয়া পর্যন্ত উদ্ধার পরিকল্পনা স্থগিত করা হচ্ছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে এই পরিকল্পনার আওতায় কয়েকটি জাহাজ সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত আছে কি না তা পুনরায় যাচাই না করা পর্যন্ত আমি এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছি।
আলাদাভাবে নাম উল্লেখ না করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) গত বুধবার নৌবাহিনী রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে জানায়, কিছু কর্তৃপক্ষ ইরানের সঙ্গে সমন্বয় বা তথ্য না দিয়ে হরমুজ প্রণালির জন্য নতুন রুট ঘোষণা করেছে, যা অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানায়, একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, অন্তত দুটি তেলবাহী ট্যাংকার প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করে ফিরে গেছে।
আইএমওর তথ্যমতে, প্রায় ৬০০টি জাহাজ বর্তমানে এই অঞ্চলে আটকে আছে। এছাড়া গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের পর এখন পর্যন্ত ১৪ জন নাবিকের মৃত্যু হয়েছে।
/এএন