×
Logo

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৪৫ এএম

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, জরুরি অবস্থা ঘোষণা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এই শক্তিশালী কম্পন অনুভূত হয়। খবর আল-জাজিরার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি ছিল ৭.২ মাত্রার, যা কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার (১০৪ মাইল) পশ্চিমে মোরনের পশ্চিমাঞ্চলে আঘাত হানে। মাত্র এক মিনিট পর একই এলাকার কাছাকাছি ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। উচ্চ মাত্রার প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং এই দুর্যোগটি বিস্তৃত এলাকাজুড়ে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া, আরও বেশ কয়েকটি আফটারশকের খবরও পাওয়া গেছে। ভূমিকম্পের পর আতঙ্কে রাস্তায় বের হয়ে আসেন বাসিন্দারা। এদিকে, প্রাণহানির সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত হতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে ইউএসজিএস। 

এদিকে, কারাকাসের আলতামিরা এলাকায় কয়েকটি ভবন ধসে পড়েছে বলে জানা গেছে। এছাড়া ক্ষয়ক্ষতির কারণে কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

/এএন

Logo