হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌ করিডোর চালুর ঘোষণা ওমানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:২৪ পিএম
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য অস্থায়ী নৌ করিডোর চালুর ঘোষণা দিয়েছে ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বৈশ্বিক নৌপরিবহন অব্যাহত রাখতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এর সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খবর গালফ নিউজের।
ওমান নিউজ এজেন্সি জানায় (ওএনএ), আইএমও ও সংশ্লিষ্ট ওমানি কর্তৃপক্ষ নির্ধারিত রুট ব্যবহার করে সব ধরনের জাহাজ এই করিডোর দিয়ে চলাচল করতে পারবে।
ওমান জানায়, হরমুজ প্রণালি বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আন্তর্জাতিক আইন মেনে এবং নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ রুট ব্যবহারের জন্য কোনো ট্রানজিট ফি দিতে হবে না।
সংস্থাটি আরও জানায়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আঞ্চলিক উত্তেজনা কমানোর যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে, তার সঙ্গেও এই পদক্ষেপের সামঞ্জস্য রয়েছে।
অস্থায়ী করিডোর ব্যবহার করতে চাইলে জাহাজ পরিচালনাকারী ও শিপিং কোম্পানিগুলোকে আগে থেকেই আইএমও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করার আহ্বান জানিয়েছে ওমানি কর্তৃপক্ষ।
/এএন