×
Logo

আন্তর্জাতিক

অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না লেবানন: প্রেসিডেন্ট আউন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম

অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না লেবানন: প্রেসিডেন্ট আউন

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক উদ্যোগকে দেশটি স্বাগত জানায়, তবে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

সোমবার (২২ জুন) গ্রিক ক্যাথলিক লীগের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। 

আউন বলেন, যুদ্ধ বন্ধে যেকোনো সহায়তাকে আমরা স্বাগত জানাই। তবে সহায়তা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা একটি সার্বভৌম রাষ্ট্র এবং আমাদের পক্ষে কেউ আলোচনা করবে না।

তিনি বলেন,  লেবাননের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, কোনো ধর্মীয় গোষ্ঠীর নয়। একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাষ্ট্র গড়ে তোলাই সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে এবং তা বৈধ। তবে রাষ্ট্রের পুনরুজ্জীবনের পথে বাধা সৃষ্টি করা উচিত নয়। এ সময় তিনি লেবাননের জনগণের মধ্যে ঐক্যের আহ্বান জানান।

এর আগে ইরানের সংবাদ সংস্থা মেহের জানায়, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় হওয়া সমঝোতার অংশ হিসেবে লেবাননের যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য গঠিত হতে যাওয়া নতুন ব্যবস্থায় তেহরান একজন প্রতিনিধি পাঠাবে।

প্রসঙ্গত, লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলের সামরিক অভিযানে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজারের বেশি এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি বাসিন্দা। এদিকে, ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে। এর মধ্যে কিছু অঞ্চল কয়েক দশক ধরে তাদের নিয়ন্ত্রণে রয়েছে, আর কিছু এলাকা ২০২৩–২০২৪ সালের যুদ্ধের সময় দখল করা হয়েছে।

/এএন

Logo