×
Logo

আন্তর্জাতিক

রয়টার্সের প্রতিবেদন

সংযুক্ত আরব আমিরাতের কাছে সুপারসনিক ব্রহ্মস মিসাইল বিক্রির আলোচনায় ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:২১ পিএম

সংযুক্ত আরব আমিরাতের কাছে সুপারসনিক ব্রহ্মস মিসাইল বিক্রির আলোচনায় ভারত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর কাছে ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা, সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস বিক্রির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় সূত্র। 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা পরিস্থিতির মধ্যে দেশটি অস্ত্র ক্রয় বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আলোচনায় ভারতের আরেকটি প্রতিরক্ষা ব্যবস্থা ‘আকাশতীর’ বিক্রির সম্ভাবনাও রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্র জানায়, ইউএই ইতোমধ্যে ভারতের একাধিক প্রতিরক্ষা প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে।

একটি সূত্র জানায়, 'ইউএই ব্রহ্মোস ও আকাশতীরসহ বিভিন্ন অস্ত্রে আগ্রহ দেখিয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা প্রাথমিক পর্যায়ে থাকলেও তা দ্রুত এগোচ্ছে।'

তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এবং ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি করা ব্রহ্মোস বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচিত। এটি স্থল, আকাশ ও সমুদ্র—তিনটি প্ল্যাটফর্ম থেকেই উৎক্ষেপণযোগ্য। 

অন্যদিকে, আকাশতীর একটি স্বয়ংক্রিয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির পর, ইউএই, দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ বাড়াচ্ছে।

এর আগে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছে ইউএই।

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারত থেকে অস্ত্র কেনা ইউএই'র জন্য কৌশলগতভাবে সুবিধাজনক হতে পারে, কারণ, এতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের সঙ্গে ভারসাম্য বজায় রাখা সহজ হয়।

তবে, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির আগে রাশিয়ার অনুমোদন প্রয়োজন হবে বলে জানা গেছে। কারণ এটি ভারত-রাশিয়ার যৌথভাবে তৈরি একটি প্রতিরক্ষা প্রযুক্তি।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে মধ্যপ্রাচ্যে অস্ত্র রফতানিতে যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে রয়েছে, যার অংশ ৫৪ শতাংশ। এরপর রয়েছে ইতালি ও ফ্রান্স।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিযোগিতা বাড়লেও ব্রহ্মোস ও আকাশতীরের মতো প্রযুক্তি ইউএই'র প্রতিরক্ষা চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

/এআই 

Logo