পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৩ পিএম
প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিজ দল লেবার পার্টির ভেতরে কয়েক দিনের চাপের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
সোমবার (২২ জুন) লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।
স্টারমার বলেন, আমার নেয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল আমার প্রিয় দেশকে সবার আগে রাখার জন্য। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করব।
তিনি আরও বলেন, দলের জাতীয় কার্যনির্বাহী কমিটিকে সময়সূচী তৈরি করতে বলব। ৯ই জুলাই থেকে মনোনয়ন পর্ব শুরু হবে এবং গ্রীষ্মকালীন অবকাশের আগেই তা শেষ হবে। যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়, তবে সেপ্টেম্বরে সংসদ পুনরায় শুরু হওয়ার আগেই একজন নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন। প্রতিদ্বন্দ্বিতা শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হিসেবে পদে বহাল থাকব।
তিনি জানান, এরই মধ্যে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা হয়েছে তার। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার যথাসাধ্য চেষ্টা করবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে নিরঙ্কুশ জয় এনে দেন তিনি। মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত যুক্তরাজ্যে ১৪ বছরের ক্ষমতার পালাবদল ঘটান। তবে বিভিন্ন নীতিগত ভুল সিদ্ধান্ত ও বিতর্কের কারণে স্টারমারের জনপ্রিয়তা কমে যায়। গত কয়েকমাস ধরেই সেই চাপ বাড়তে থাকে স্টারমারের ওপর। একাধিকবার পদত্যাগের গুঞ্জনও উঠেছে। সম্প্রতি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি উপনির্বাচনে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামের বড় জয়ের পর স্টারমারের ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্য করে এবার বাস্তবেই ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
/এএন