×
Logo

আন্তর্জাতিক

বিবিসি'র প্রতিবেদন

প্রায় ৫০ বছর পর বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়ালো জাপান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৫৪ পিএম

প্রায় ৫০ বছর পর বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়ালো জাপান

জাপান বিদেশিদের জন্য ভিসা ফি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। প্রায় পাঁচ দশক পর প্রথমবারের মতো এই ফি পুনর্নির্ধারণ করা হলো, যেখানে বিভিন্ন ধরনের ভিসার খরচ পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

আগামী ১ জুলাই থেকে নতুন হার কার্যকর হবে বলে জানিয়েছে জাপান সরকার। নতুন নিয়ম অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি ৩ হাজার ইয়েন (প্রায় ১৮ দশমিক ৬৯ মার্কিন ডলার) থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন করা হয়েছে। 

একইভাবে মাল্টিপল-এন্ট্রি ভিসার ফি ৬ হাজার ইয়েন থেকে বেড়ে ৩০ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তশিমিতসু মটেগি জানিয়েছেন, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তন বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলেন, এতে তাৎক্ষণিকভাবে পর্যটক আগমনে বড় কোনো প্রভাব পড়বে বলে তারা মনে করছেন না।

দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় থাকা জাপানি ইয়েনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মহামারির পর পর্যটন খাত পুনরায় উত্থান ঘটায় গত বছর জাপানে রেকর্ড ৪ কোটি ২৭ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।

এদিকে শুধু ভিসা ফি নয়, বিদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ফি-ও বাড়িয়েছে জাপান। সম্প্রতি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে গৃহীত এক আইনে স্থায়ী বসবাসের আবেদন ফি সর্বোচ্চ ৩ লাখ ইয়েন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি।

এছাড়া বসবাসের মর্যাদা পরিবর্তন বা ভিসার মেয়াদ বাড়ানোর ফি'ও ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১ লাখ ইয়েন পর্যন্ত করা হয়েছে।

জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিবর্তনের লক্ষ্য হলো ভিসা ও আবাসন সংক্রান্ত ফি অন্যান্য 'জি-৭' দেশগুলোর মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।

তুলনামূলকভাবে, যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসার ফি ১৮৫ থেকে ৩১৫ ডলার এবং যুক্তরাজ্যে ছয় মাসের স্বল্পমেয়াদি ভিসার ফি ১৩৫ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে।

/এআই 

Logo