×
Logo

আন্তর্জাতিক

কাতারে রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪৫ এএম

কাতারে রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

কাতারে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে রাস লাফান শিল্পনগরীর একটি গ্যাস কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন এবং আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (২২ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। খবর আল-জাজিরার। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে সংঘটিত অভ্যন্তরীণ বিস্ফোরণ এর পর নিখোঁজ ব্যক্তিদের খোঁজে কাতারি ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপকে অনুসন্ধান অভিযানে মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটির জন্য একটি যান্ত্রিক ত্রুটি দায়ী বলেও জানায় তারা। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, স্থাপনাটি থেকে কোনো ধরনের গ্যাস বা পদার্থের লিকেজ ঘটেনি, যা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

শিল্পনগরীটির প্রশাসন পরিচালনাকারী কাতারএনার্জি জানায়, বারজান গ্যাস কারখানায় বিস্ফোরণের পর জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি কেন্দ্র। বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ এখান থেকে আসে। গত মার্চে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই শিল্পনগরী ব্যাপক ক্ষতির মুখে পড়ে বলে জানিয়েছিল কাতার সরকার। এর পর কাতারএনার্জি কয়েকটি চুক্তিতে ‘ফোর্স মেজর’ ধারা কার্যকর করে। ফলে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনে গ্যাস সরবরাহে প্রভাব পড়ে।

/এএন

Logo