লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের কোনোভাবেই প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসরায়েলি সেনাদের অবস্থান পরিবর্তন করা হবে না। খবর সিএনএনের।
কাটজ বলেন, লেবাননে নিরাপত্তা অঞ্চলে থাকা সেনারা সেখান থেকেই অভিযান চালাবে এবং সন্ত্রাসী ও তাদের অবকাঠামোর বিরুদ্ধে কাজ করবে। এছাড়া, লেবাননের ইয়েলো লাইন এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই।
তিনি বলেন, গতকাল (২০ জুন) ঘোষিত যুদ্ধবিরতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননের নিরাপত্তা অঞ্চলের সব অবস্থানেই থাকবে, যা উত্তর ইসরায়েলের বসতিগুলোকে সুরক্ষা দিচ্ছে।
এদিকে, ইসরায়েল সম্প্রতি লেবাননের বিভিন্ন এলাকায় হামলা বাড়িয়েছে। এর মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতির কথা বলা হলেও তা নিয়ে উভয় পক্ষই সন্দেহ প্রকাশ করেছে এবং চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, লেবাননের সংঘাত এখন ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সঙ্গেও যুক্ত হয়ে পড়েছে। ইরান বলছে, আঞ্চলিক শান্তি চুক্তিতে লেবাননের যুদ্ধবিরতিও থাকতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তানের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে আলোচনায় বসেছেন। কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, লেবানন ইস্যু নিয়েই প্রথমে জরুরি আলোচনা শুরু হয়েছে।
/এএন