ভারতের নৌবহরে যুক্ত হলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৫১ এএম
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে তিন যুদ্ধজাহাজের কমিশন অনুষ্ঠান। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতের নৌবহরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আরও তিন যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। এরমধ্যে স্টেল্থ ফ্রিগেট, সারভে ভেসেল ও সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান রয়েছে। রোববার (২১ জুন) কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে নৌযানগুলোর কমিশন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধযানগুলো হচ্ছে— আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় ও আইএনএস সংশোধক। স্টেল্থ ফ্রিগেট (আইএনএস) দুনাগিরিতে অত্যাধুনিক সেন্সরের পাশাপাশি সংযোজন করা হয়েছে আলোচিত ব্রাহ্মোস সারফেস-টু-সারফেস ও সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এদিকে, গভীর সমুদ্রে হাইড্রোগ্রাফিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যকে সামনে রেখে সারভে ভেসেল (আইএনএস) সংশোধক তৈরি করা হয়েছে। যা ভারতের প্রতিরক্ষা খাতে কাজে লাগানো হবে।
এছাড়াও, সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান আইএনএস অগ্রয়'তে যুক্ত করা হয়েছে লাইটওয়েট টর্পেডো, রকেট লঞ্চার।
যুদ্ধজাহাজগুলোর অন্তর্ভুক্তি উপলক্ষ্যে নৌবাহিনী ও জাহাজ নির্মাণকারী সকলকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ ভারত আর শুধু অস্ত্র ক্রেতা দেশ হিসেবে সীমাবদ্ধ নেই, এটি বিশ্বের বহু দেশের কাছে আধুনিক সমরাস্ত্র তৈরি ও বিক্রি করছে এবং নিজের দেশীয় শক্তিকে মজবুত করছে। আত্মনির্ভরতা এবং উন্নত ভারতের স্বপ্নই আমাদের অগ্রগতির মূল চাবিকাঠি।
/এসআর