যুদ্ধবিরতি ভেঙ্গে দিয়ে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত একই পরিবারের ৪ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:০৩ পিএম
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় লেবাননে মাত্র একদিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।
শনিবার (২০ জুন) দক্ষিণ লেবাননের বারিশ শহরে চালানো এক নৃশংস হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ এই হামলাকে একটি ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক ভবনে আঘাত হানলে ঘটনাস্থলেই এক পরিবারের বাবা, মা এবং তাঁদের দুই সন্তান নিহত হন।
গতকাল শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টা থেকে ইসরায়েল এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। উভয় পক্ষই সাময়িকভাবে শত্রুতা প্রশমনে সম্মত হয়েছিল। তবে চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘণ্টার মাথায় ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ এবং বারিশসহ ১০টিরও বেশি এলাকায় নতুন করে এই সিরিজ হামলা চালায়।
লেবাননের চিকিৎসাকর্মী এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলগুলো এখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।
/এএ