যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা স্থগিত: সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৯ জুন) দেশটিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। খবর রয়টার্স।
একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর পরিকল্পনাও বাতিল করা হয়েছে। এরফলে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শান্তি আলোচনা স্থগিত হলেও সুইজারল্যান্ড এই প্রক্রিয়াকে সহায়তা করতে প্রস্তুত। বুর্গেনস্টকে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
এদিকে, ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে দেশটি জানিয়েছিল, ১৪ দফা চুক্তির পর অন্তত ৬০ দিনের ভঙ্গুর যুদ্ধবিরতি বাড়ানোর শর্তে তারা প্রযুক্তিগত আলোচনায় অংশ নিতে প্রস্তুত।
এর আগে, গত বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই দেশের প্রেসিডেন্টরা। ভার্চুয়ালি স্বাক্ষরিত হওয়ায় কোনো দেশের কর্মকর্তারাই মুখোমুখি বসে আর চুক্তিতে সই করবেন না। তবে সুইজারল্যান্ডের জেনেভায় চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা শুরু হওয়ার কথা ছিল। যেখানে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। ৬০ দিনের ওই আলোচনার শুরুর দিনে যোগ দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্টের।
/এসআইএন