×
Logo

আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:২২ এএম

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে আগুন

রাশিয়ার রাজধানী মস্কোর একটি প্রধান তেল শোধনাগারে ইউক্রেনের চালানো নজিরবিহীন ড্রোন হামলার জেরে মস্কো ও এর আশপাশের শহরগুলোতে ‘বিষাক্ত কালো বৃষ্টি’ ঝরে পড়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১৯ জুন) আকাশ থেকে বৃষ্টির পানির সাথে জ্বালানি তেলের পোড়া ছাই ও তৈলাক্ত কণা ঝরে পড়ায় রাস্তাঘাট, গাড়ি এবং বহুতল ভবনের ছাদ পিচ্ছিল কালো আস্তরণে ঢেকে গেছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তবে রুশ প্রশাসন পরিবেশ বিপর্যয়ের এই বিষয়টি প্রাথমিকভাবে অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) মস্কোকে লক্ষ্য করে একযোগে প্রায় ২০০টি ড্রোন ছোড়ে ইউক্রেনীয় বাহিনী। হামলার মূল লক্ষ্য ছিল রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাপোতনিয়া তেল শোধনাগার। ড্রোনের আঘাতে শোধনাগারটির একটি বিশাল তেলের ট্যাংকে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং সেটির একাংশ উড়ে যায়। মুহূর্তের মধ্যেই পুরো স্থাপনাটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় মস্কোর আকাশ।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইউক্রেনের ছোড়া হাজারেরও বেশি ড্রোন এবং অন্তত ৪টি ক্রুজ মিসাইল আকাশেই ভূপাতিত করেছে। ড্রোনের ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় আছড়ে পড়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে মস্কোর প্রধান বিমানবন্দরগুলোর সমস্ত ফ্লাইট দীর্ঘ সময় বন্ধ রাখা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার সত্যতা নিশ্চিত করে একে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ‘ন্যায্য প্রতিশোধ’ বলে আখ্যা দিয়েছেন।

/এএ 

Logo