×
Logo

আন্তর্জাতিক

নাইজারের প্রধান বিমানবন্দরে জেএনআইএম-এর হামলা, নিহত ৩৫

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:০৯ এএম

নাইজারের প্রধান বিমানবন্দরে জেএনআইএম-এর হামলা, নিহত ৩৫

মাত্র পাঁচ মাসের ব্যবধানে নাইজারের বৃহত্তম ও প্রধান বিমানবন্দর ‘দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর’-এ আবারও ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানী নিয়ামেতে অবস্থিত এই কৌশলগত বিমানবন্দরটিতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি গুলি চালায় আল-কায়েদা ঘনিষ্ঠ নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জেএনআইএম।

হামলাকারী ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘ সময় ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাত ও পাল্টা হামলায় অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে। নাইজারের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জনই সশস্ত্র জঙ্গি বা হামলাকারী। 

এছাড়া বীরত্বের সাথে লড়াই করতে গিয়ে দেশটির ১১ জন সেনা সদস্য এবং ২ জন সাধারণ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার কিছু সময় পরই আল-কায়েদার সাহেল অঞ্চলের শাখা ‘জামাত নুসরত আল-ইসলাম ওয়াল মুসলিমিন’ আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করে।

ভয়াবহ এই সংঘর্ষের পর বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করে নাইজারের যৌথ সামরিক বাহিনী। ঘটনাস্থল এবং এর পার্শ্ববর্তী এলাকা থেকে এখন পর্যন্ত অন্তত ২০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এছাড়া নিহত ও বন্দি জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারী যুদ্ধাস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে আরপিজি লঞ্চার, একে-৪৭ রাইফেল, প্রচুর পরিমানে তাজা গ্রেনেড, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও এই দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর ও এর পাশে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের আত্মঘাতী হামলা চালিয়েছিল ইসলামিক স্টেটের সাহেল শাখা।

/এএ 

Logo