ইরান আলোচনার জন্য সুইজারল্যান্ড সফর বাতিল জেডি ভ্যান্সের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:২৩ এএম
ইরানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। পরবর্তী ধাপের আলোচনা নিয়ে কিছু বিষয় এখনও চূড়ান্ত না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা। খবর সিএনএনের।
হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, আসন্ন কারিগরি আলোচনা নিয়ে এখনও কাজ চলছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল যাত্রার জন্য প্রস্তুত থাকলেও আলোচনার সময়সূচি এখনো পুরোপুরি নির্ধারিত হয়নি।
মুখপাত্র আরও বলেন, এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন না। তবে, পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়ার সাথে সাথে জানানো হবে।
প্রসঙ্গত, শুক্রবার (১৯ জুন) সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল ভ্যান্সের। এর আগে বৃহস্পতিবার তিনি বলেছিলেন, তিনি চুক্তির সরাসরি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে সুইজারল্যান্ড যেতে চান। তবে সফরের সময়সূচি তখনও অনিশ্চিত বলে উল্লেখ করেছিলেন তিনি।
ভ্যান্স আরও জানান, চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা এই সপ্তাহের শেষেই শুরু হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আলোচক দলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার ।
/এএন