×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে ১১ স্কাইডাইভার ও পাইলট নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৫৬ এএম

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে ১১ স্কাইডাইভার ও পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। এতে প্রাণ গেছে পাইলটসহ ১২ আরোহীর সকলের। নিহতদের সবাই স্কাইডাইভার ছিলেন। খবর বিবিসির।

রোববার (১৪ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সিঙ্গেল ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটি। এর কিছুক্ষণ পরই বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয় আকাশযানটি। পরমুহূর্তেই রানওয়ে থেকে প্রায় ৩০০ মিটার দূরে আছড়ে পড়ে প্লেনটি। বিমানটি থেকে তাদের স্কাইডাইভ করার কথা ছিল।

দুর্ঘটনাকবলিত বিমানটি একটি বেসরকারি স্কাইডাইভিং কোম্পানি কর্তৃক পরিচালিত ছিল, যার মডেল প্যাসিফিক অ্যারোস্পেস সেভেন-ফাইভ-জিরো এক্সএল।

রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন বলেন, আমরা এটিকে বড় ধরনের প্রাণহানির ঘটনা হিসেবে বিবেচনা করছি।

শেরিফ জানান, বিধ্বস্ত বিমানটি কোনো বাণিজ্যিক এয়ারলাইনের মালিকানাধীন ছিল না। তিনি বলেন, এটি ছিল একটি স্থানীয় বিমান। এটি আমাদের স্থানীয় বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল।

আর মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ঘটনার সময় এয়ার ট্রাফিক সার্ভিস দেওয়া হচ্ছিলো না। সংস্থাটির এক মুখপাত্র বলেন, ওই আকাশসীমার ধরন অনুযায়ী বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ রাখা বাধ্যতামূলক ছিল না।

/এসআইএন

Logo