×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খবরে বিশ্ববাজারে কমলো তেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৪০ এএম

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খবরে বিশ্ববাজারে কমলো তেলের দাম

অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান। উভয়পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। আর মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, শুক্রবার সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হবে। এই চুক্তির ফলে সোমবার বিশ্ববাজারে কমেছে তেলের দাম। খবর রয়র্টাস।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৮ ডলার বা ৪ দশমিক ১০ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দামের সঙ্গে যুক্ত ভূরাজনৈতিক ঝুঁকির অতিরিক্ত মূল্যায়ন এখন দ্রুত কমে যাচ্ছে, কারণ ব্যবসায়ীরা তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বিবেচনায় নিচ্ছেন।

যুদ্ধের কারণে তিন মাসেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে লাখ লাখ ব্যারেল তেল ও গ্যাসের সরবরাহ ব্যাহত হয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।

ইরানের আধা-সরকারি মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী ইরানের তত্ত্বাবধানে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে।

/এসআইএন

Logo