যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৫৮ পিএম
কোনো প্রকার যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হয়েছে বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন।
বৃহস্পতিবার (১১ জুন) দিল্লিতে বিএসএফ-এর সদর দফতরে পর্দা নামে চারদিনব্যাপী আয়োজনের।
বৈঠক শেষে প্রচলিত রীতি অনুযায়ী যৌথ আলোচনার নথিতে স্বাক্ষর হলেও হয়নি কোনো সংবাদ সম্মেলন। পরে বৈঠকের বিস্তারিত নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়— সীমান্ত হত্যা ও সহিংসতা নিয়ে উদ্বেগ জানান বিজিবি মহাপরিচালক। পাশাপাশি পুশ ইন ও অনুপ্রবেশ ইস্যুও ছিলো বৈঠকের এজেন্ডায়। মাদক, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান ও মানবপাচার বন্ধেও হয়েছে আলোচনা।
দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথ টহল ও তথ্য আদান-প্রদান জোরদারেও সম্মত হয়েছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে ডিজি-স্তরের সীমান্ত বৈঠক ১৯৭৫ থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রতি বছর অনুষ্ঠিত হত। তবে ১৯৯৩ সালে এটিকে বছরে দু’বার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে উভয় পক্ষ পর্যায়ক্রমে নয়াদিল্লি ও ঢাকায় বৈঠকে অংশ নেয়। বিএসএফ-বিজিবি সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের আগস্টে ঢাকায়।
/এমএইচআর