ক্যালিফোর্নিয়ায় চিকিৎসাসামগ্রীর গুদামে ভয়াবহ আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৫৩ এএম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ট্রেসি শহরে একটি মেডিকেল সরঞ্জাম প্রস্তুত ও বিতরণকারী প্রতিষ্ঠানের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘মেডলাইন’ নামের ওই চিকিৎসাসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের গুদামে লাগা আগুনের কারণে পুরো এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১১জুন) দুপুরের দিকে ট্রেসি শহরের ওই গুদামটিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে অগ্নিকাণ্ডের পরপরই নিরাপত্তার স্বার্থে ওই এলাকার আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে।
সেখানে বলা হয়েছে, এই ভয়াবহ আগুনের কারণে সংশ্লিষ্ট এলাকার বায়ুমানের মারাত্মক অবনতি হয়েছে। বাসিন্দাদের সুরক্ষায় ঘটনাস্থল এবং এর আশপাশের এলাকা সম্পূর্ণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
/এমএসটি/এএ