মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের ৩ দেশে ইরানের মিসাইল বৃষ্টি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম
মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের ৩ দেশে রীতিমত বৃষ্টির মতো মিসাইল ছুঁড়েছে ইরান। শুধু, জর্ডানেই ছোঁড়া হয় ১২টি ব্যালিস্টিক মিসাইল। টার্গেট করা হয় যুক্তরাষ্ট্রের আল-সালতি ও আল-আজরাক বিমানঘাঁটি। বাহরাইন ও কুয়েতেও আঘাত হানে শাহেদ ড্রোন। এর আগে, ইরানের কৌশলগত স্থাপনাগুলোয় অর্ধশতাধিক টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মূলত, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বুধবার (১০ জুন) গভীর রাতেই গোপন স্থান থেকে কমপক্ষে ৩০টি মিসাইল ছোড়ে ইরান। এরমধ্যে ১২টিই ছোড়া হয় জর্ডানে অবস্থিত দুই মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে।
জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় জর্ডানের আল-সালতি ও আল-আজরাক এয়ারবেইজে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে স্থাপনায়। এফ-থার্টি ফাইভ, এফ-সিক্সটিনসহ একাধিক মার্কিন যুদ্ধবিমান ও হ্যাঙ্গার ধ্বংসের দাবি করে আইআরজিসি।
বাহরাইন ও কুয়েতে দুই দফায় ১৮টি মিসাইল ছোড়ে আইআরজিসি। বাহরাইনে টার্গেট করা হয় পঞ্চম নৌবহরের প্যাট্রিয়ট রাডার সিস্টেম। কুয়েতের আকাশেও দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় দেশটির আকাশসীমা।
এর আগে, ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় ৪৯টি টমাহক ক্রুজ মিসাইল। পাশাপাশি হামলা চলে ফাইটার জেট দিয়েও।
কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিকে হয়েছে জোরালো বিস্ফোরণ। এছাড়াও, গোরগান, মিনাব, কারাজ'সহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে হামলার খবর পাওয়া গেছে।
/এমএইচআর