টানা দ্বিতীয় দিন অভিবাসনবিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল নর্দান আয়ারল্যান্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:২৯ এএম
সোমালিয়ার এক যুবকের ছুরিকাঘাতে স্থানীয় নাগরিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নর্দান আয়ারল্যান্ড।
বুধবার (১০ জুন) দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিনও চরম উত্তেজিত বিক্ষোভকারীরা বেশ কিছু প্রধান সড়ক অবরোধ করেন এবং বিভিন্ন যানবাহন ও স্থানীয় স্থাপনায় আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ হিমশিম খেতে হচ্ছে।
নর্দান আয়ারল্যান্ডের এই নজিরবিহীন সহিংসতা ও আইনশৃঙ্খলার চরম অবনতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ শীর্ষস্থানীয় রাজনীতিকরা।
স্থানীয়রা জানান, ৩০ বছর বয়সী সোমালিয়ার এক অভিবাসী যুবকের ছুরিকাঘাতে স্থানীয় এক আইরিশ নাগরিক গুরুতর আহত হওয়ার পর থেকেই এই ক্ষোভের সূত্রপাত। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বর্তমান অভিবাসন নীতির তীব্র সমালোচনা করে এবং এর বিরুদ্ধে রাজপথে নামার আহ্বান জানিয়ে বেশ কিছু পোস্ট দেওয়া হয়। এই ডাকের পরপরই হাজার হাজার অভিবাসনবিরোধী বিক্ষোভকারী ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কে নেমে আসেন, যা দ্রুতই সহিংসতায় রূপ নেয়।
প্রশাসনের পক্ষ থেকে জনগণকে শান্ত থাকার এবং কোনো ধরনের উসকানিমূলক গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
/এএ