মার্কিন হামলার পর হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:০৪ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। খবর আল-জাজিরার।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, যুক্তরাষ্ট্র এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ করেছে। এর জেরে তারা ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
আইআরজিসি আরও জানায়, এই গুরুত্বপূর্ণ জলপথে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের চলাচল প্রভাবিত হবে। একই সাথে তারা যুক্তরাষ্ট্রের আগের দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে, যেখানে বলা হয়েছিল মার্কিন বাহিনী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালি পার হতে সাহায্য করেছে।
পরবর্তীতে আইআরজিসি আরও দাবি করে, প্রণালি অবৈধভাবে অতিক্রম করার চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানা হয়েছে।
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, বুধবার (১০ জুন) গভীর রাতে পরিচালিত এই হামলাগুলো ছিল ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির পাশে অবস্থিত কেশম দ্বীপ, বান্দার আব্বাস এবং সিরিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া, দক্ষিণাঞ্চলীয় কারগান শহরেও বিস্ফোরণ হয়েছে, যেখানে অন্তত ২ জন আহত হয়েছেন।
/এএন